বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সারাদেশের মাদ্রাসাগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মাদ্রাসার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
রোববার (১১ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসাগুলোর প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো সৌরবিদ্যুৎ স্থাপন, প্রণোদনা-সংক্রান্ত তথ্য এবং নেট মিটারিং সংযোগের বিষয়ে সহায়তা পেতে নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে।
জরুরি সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের হটলাইন নম্বর ১৬৯৯৯ এবং অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার হটলাইন নম্বরগুলোও উল্লেখ করা হয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) হটলাইন নম্বর ০১৫৫০৭৭৭৭৭৭।
এছাড়া, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধান কার্যালয় এবং জেলা ও উপজেলা কার্যালয়ে থাকা ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকেও সহায়তা পাওয়া যাবে। সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 























