সৌদি আরবের মক্কায় কর্মস্থলে ছয়তলা ভবন থেকে মাথায় কাঠের তক্তা পড়ে গুরুতর আহত হন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী ফয়সাল মিয়া (২৮)। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ১০ অক্টোবর দুপুরে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার ছেলে। তিনি ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট। জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। মক্কার একটি কোম্পানিতে কাজ করে স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের ভরণপোষণে সহযোগিতা করতেন।
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ফয়সাল। আগামী মাসের ৬ তারিখে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। দুর্ঘটনার আগের রাতে পরিবারের সঙ্গে কথা বলার সময় ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার আশ্বাস দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ অক্টোবর সকাল ৮টার দিকে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে ছয়তলা ভবনের ওপর থেকে একটি কাঠের তক্তা তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়, যেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
ফয়সালের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কটিয়াদী উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে তার পরিবার। এছাড়া, অসহায় স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনেরা। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।
অনলাইন ডেক্স 























