বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের এ নিয়োগে দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া আগামী ১৩ অক্টোবর শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে "police.teletalk.com.bd" ওয়েবসাইটে।
আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না।
টিআরসি পদে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ ও নারী প্রার্থীদের জন্য পৃথক উচ্চতার শর্ত নির্ধারণ করা হয়েছে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে।
অনলাইন ডেক্স 
























