পাবনার সাঁথিয়া উপজেলার এক বৃদ্ধা মা, মুন্নি খাতুন (৫৫), তার ছেলে সাগর হোসেনের কাছে ভরণপোষণ ও আশ্রয় না পাওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউএনও সেলিম আহমেদের কার্যালয়ে এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
মুন্নি খাতুনের স্বামী সিরাজুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে সাগর ও এক মেয়ে রয়েছেন, যার বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ বয়সে মায়ের একমাত্র অবলম্বন এখন ছেলে সাগর। তবে সাগর হোসেনের বিয়ের পর থেকেই মায়ের সঙ্গে তার পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তিনি মাকে নিয়মিত ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন।
মুন্নি খাতুন অভিযোগ করেন, তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেছেন, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি তার অসুস্থতা ও অসহায়ত্বের কথা তুলে ধরেন।
শুনানিতে ইউএনও সাগরকে মাকে নিজের সঙ্গে রেখে দেখাশোনা করার জন্য বোঝানোর চেষ্টা করেন। তবে সাগর মাকে সঙ্গে রাখার বিষয়ে অনড় থাকেন এবং বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব।’
ইউএনও সেলিম আহমেদ বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনে সাগরকে কয়েক দিনের সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বৃদ্ধা মায়ের কষ্ট কমানোর জন্য বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
অনলাইন ডেক্স 






















