বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকালে লন্ডন থেকে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। দেশে আসার পর মরদেহ প্রথমে তার বাসায় নেওয়া হবে, যেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাকে দেখার সুযোগ পাবেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে রাখা হবে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এর আগে ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
তৌফিক ইমরোজ খালিদী ১ অক্টোবর রাতে লন্ডনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরদিন চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইন ডেক্স 























