কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের মায়ের দোয়া ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহত শ্রমিকরা হলেন উৎপল মিয়া (২০) ও গোলাপ মিয়া (৬০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান উৎপল ও গোলাপ। আহত দুই শ্রমিক আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া।
আহত আন্নাছ মিয়া লোকমান হোসেনের ছেলে এবং হৃদয় মিয়া হাদিস মিয়ার ছেলে। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া জানিয়েছেন, গত বছর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় মায়ের দোয়া ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ভাটাটি বর্তমানে বন্ধ থাকার কথা থাকলেও কীভাবে সেখানে কার্যক্রম শুরু হয়েছে, সে বিষয়ে তাদের জানা নেই।
অনলাইন ডেক্স 























