নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে রাজধানীর মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির রুহীর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গত ৩০ সেপ্টেম্বর ওই আবেদন করা হলেও আসামিকে আদালতে হাজির করে শুনানির জন্য ৬ অক্টোবর দিন ঠিক করা হয়েছিল।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে রুহীকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল দেখছিলেন জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ। অভিযোগে বলা হয়েছে, ওই সময় আন্দোলন প্রতিহত করতে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু আহমেদ মারা যান।
ঘটনার প্রায় এক মাস পর ওই বছরের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় রাজু হত্যার মামলা করা হয়। মামলায় আন্দোলন চলাকালে আসামিদের বিরুদ্ধে গুলিবর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
অনলাইন ডেক্স 

























