চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেইট এলাকা থেকে ১৪ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সদস্যরা সাপটি উদ্ধার করেন।
উদ্ধার করা সাপটি বিষহীন বার্মিজ অজগর বা বার্মিজ পাইথন। এর বৈজ্ঞানিক নাম Python bivittatus। উদ্ধারকারী দলের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হাসান জানান, অজগরটি দেখতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এক শিক্ষার্থী বিষয়টি থ্রিএসএকে জানালে সংগঠনটির রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।
এ সময় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন থ্রিএসএর সদস্যরা। তারা জানান, সর্পদংশনের ক্ষেত্রে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি। সরকারি হাসপাতালে সর্পদংশনের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয় বলেও জানান তারা।
তারা আরও বলেন, সাপে কাটলে আক্রান্ত স্থানে শক্ত করে কোনো ধরনের বাঁধন দেওয়া বা কাটাছেঁড়া করা উচিত নয়। রাতে মশারি টানিয়ে ঘুমানো, সম্ভব হলে মেঝেতে না ঘুমানো এবং অন্ধকারে চলাচলের সময় টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করার পরামর্শ দেন তারা।
সাপ দেখতে পেলে সেটিকে মারতে গিয়ে ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়ে থ্রিএসএর সদস্যরা বলেন, সাপ মেরে ফেলা কোনো সমাধান নয়। বরং সর্পদংশন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।
অনলাইন ডেক্স 
























