কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আওয়ামী লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না। তিনি সম্প্রতি যোবায়ের আহসান জাবেরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে থাকা সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের দেশে ফিরে এসে জনগণের কাছে ভোট চাইলে পরিস্থিতি কী হবে, সেটিই এখন দেখার বিষয়। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে থাকা নেতারা যদি দেশে এসে ভোট চান, তাহলে জনগণের প্রতিক্রিয়া কেমন হবে তা দেখার অপেক্ষা রয়েছে।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার এমন কোনো বড় নেতা নেই, যাদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন এবং যারা দেশে এসে আবার ভোট চাইবেন।’ ফজলুর রহমান শেখ হাসিনার বিদেশে থাকার প্রসঙ্গ টেনে বলেন, ‘বিদেশে শেখ হাসিনা চলে গেলে দেশে এলেই তিনি ক্ষমতায় চলে যাবে-এমন তো নয়।’
আওয়ামী লীগ কবে আবার ক্ষমতায় ফিরতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭৫-এর পর আওয়ামী লীগ দেশে ছিল, দেশে থাকতেই ২১ বছর লেগেছে। এবার ৬৩ বছর লাগবে তাদের ক্ষমতায় ফিরতে।’
তবে ফজলুর রহমান আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকার কারণে দলটির নাম এখনো আলোচনায় আসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের কারণে আওয়ামী লীগের নামটি এখনও সামনে আসে।’
অনলাইন ডেক্স 























