হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ অক্টোবর) জামায়াত ইসলামীর সংসদ সদস্যদের লাগেজ পেতে দেরি হওয়ায় হট্টগোলের অভিযোগ উঠেছে। মদিনা থেকে ফেরত আসা এমপিরা বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮ সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে। ফ্লাইটে জামায়াতের সংসদ সদস্যসহ অন্যান্য যাত্রীরা ইমিগ্রেশন শেষে লাগেজ এবং জমজমের পানির জন্য অপেক্ষা করতে থাকেন। লাগেজ পেতে দেরি হওয়ায় তারা উত্তেজিত হয়ে ওঠেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ রয়েছে, জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান নির্বাহী পরিচালকের ওপর চড়াও হন এবং অশ্রাব্য ভাষায় কথা বলেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ফ্লাইটটি অবতরণের তিন ঘণ্টা পরও বেশির ভাগ যাত্রী তাদের লাগেজ পাননি। অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ কামাল হোসেন, সালাহউদ্দিন আইউবি এবং জাহাঙ্গীর হুসাইন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের কারণে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর তদারকি জোরদার করবে।
অনলাইন ডেক্স 



















