হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়।
যাত্রীদের ক্ষোভের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এছাড়া, তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেন। মেজর আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করেন। এতে মেজর আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকেও লাঞ্ছিত করেন।
পুলিশ জানিয়েছে, মামলাটি দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করা হবে।
অনলাইন ডেক্স 
























