২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের 'শত্রুদের' হামলার চেষ্টা করার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেল নফ বিমানঘাঁটি পরিদর্শনের সময় এ কথা বলেন। তবে নেতানিয়াহু সম্ভাব্য হামলার ধরন বা তার কাছে থাকা 'ইঙ্গিত' সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
নেতানিয়াহু বলেন, 'আমাদের কাছে এমন ইঙ্গিত রয়েছে যে নির্বাচনের আগে আমাদের শত্রুরা আমাদের ওপর হামলার চেষ্টা করবে।' তিনি সতর্ক করে বলেন, 'আমাদের সঙ্গে খেলবেন না, এখন নয়, কখনো নয়।' তার এই বক্তব্যের পর বিরোধী নেতারা নিরাপত্তা হুমকিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন।
প্রধান নির্বাচনি প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল ইয়াশার দাবি করেছে, নেতানিয়াহুর বক্তব্য সঠিক হলে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদকে তাৎক্ষণিকভাবে অবহিত করা প্রয়োজন। লাপিদও জরুরি নিরাপত্তা ব্রিফিং দাবি করেছেন।
এদিকে, নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের আগে ইসরায়েলের শত্রুপক্ষ হামলার পরিকল্পনা করছে; এমন কোনো নির্দিষ্ট হুমকি সেনাবাহিনীর কাছে নেই। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর সামরিক সচিব লাপিদকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।
বৈঠকের পর লাপিদ বলেন, 'জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই।' তিনি নিরাপত্তা হুমকির বিষয়গুলো পেশাদার ও দায়িত্বশীলভাবে মোকাবিলা করার আহ্বান জানান। নেতানিয়াহুর লিকুদ পার্টি লাপিদের সমালোচনা করে বলেছে, তিনি বৈঠক থেকে বেরিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য প্রকাশ করেছেন।
অনলাইন ডেক্স 

























