বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনো ঘাটতি হবে না।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বাসসকে বলেন, চাহিদা অনুযায়ী মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো দেশে আসবে। তিনি উল্লেখ করেন, এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনো সমস্যা হবে না।
পেট্রোবাংলা এলএনজি আমদানি তদারক করে এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এলএনজি আমদানি, কার্গো শিডিউলিং, চুক্তি নেগোসিয়েশন ও বাস্তবায়ন এবং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করে।
পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র জানায়, অক্টোবরে ১০ কার্গোর মধ্যে ৩টি স্পট মার্কেট থেকে, ২টি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এবং ৫টি স্বল্পমেয়াদি চুক্তির আওতায় আসবে। নভেম্বরে ৯ কার্গোর মধ্যে ৬টি দীর্ঘমেয়াদি এবং ৩টি স্বল্পমেয়াদি চুক্তির আওতায় আসবে।
প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকে। অক্টোবর ও নভেম্বরের ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে।
অনলাইন ডেক্স 





















