নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে হাসান শেখ (৪৫) হত্যা মামলার আসামি রাশেদুল শেখ (২৬)কে গ্রেফতার করেছে এসআরবি -৬। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে মাগুরা জেলার শালিকা থানার ব্রাহ্মণখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাশেদুল শেখ উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের তৈয়েবুর শেখের ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) নিহতের ভাই হোসেন শেখ বাদী হয়ে নড়াগাতী থানায় ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাশেদুল শেখ ওই মামলার ৬ নম্বর আসামি।
এদিকে, আবেদ আলী ও সোহেল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসান শেখ গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে মারা যান।
ওসি মো. হোসেন আলী জানান, হাসান শেখ হত্যা মামলার মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 

























