আগামী নভেম্বর থেকে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) টাকা লেনদেনের সুবিধা চালু হবে। গ্রাহকরা অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে অথবা মোবাইল অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করে টাকা পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণে ব্যবসার ক্ষতির আশঙ্কা অমূলক এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়বে।
বর্তমানে, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা প্রায় ৩৯ লাখ মার্চেন্টের কাছে বাংলা কিউআর স্ক্যান করে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারছেন। জুন মাসে প্রতিদিন গড়ে ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো, যা বর্তমানে প্রায় ৩ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।
বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংক ১ জুলাই থেকে সব ধরনের নিজস্ব কিউআরের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহারের ব্যবস্থা চালু করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
১ অক্টোবর থেকে কিউআরভিত্তিক লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। এছাড়া মার্চেন্ট ডিসকাউন্ট রেট বাতিল এবং নতুন প্রণোদনা ব্যবস্থা চালু করা হবে, যা বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করবে।
অনলাইন ডেক্স 






















