ভারতের লক্ষদ্বীপের পশ্চিম দিকে আরব সাগরে একটি বড় মাদক চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করেছে ভারতীয় কোস্ট গার্ড। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক জব্দ করা হয়েছে এবং পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকের মধ্যে ৫২৬ কেজি হিরোইন ও মেথঅ্যামফেটামিন রয়েছে। গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি ইরানি মাছ ধরার নৌকা আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন নৌযানটির ওপর নজরদারি চালানো হয়। ২৫ সেপ্টেম্বর, একটি সন্দেহভাজন ইরানি দাওয়ের গতিবিধি অনুসরণ করে নৌযানটিকে থামানো হয়।
এই অভিযানের ফলে মাদকগুলো জব্দ করা হয় এবং আটককৃত নৌকা ও ক্রুকে সশস্ত্র পাহারায় মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। কোস্ট গার্ড আশা করছে, যৌথ তদন্তের মাধ্যমে মাদকের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং চোরাচালানের সঙ্গে জড়িত নেটওয়ার্ক খতিয়ে দেখা হবে।
অনলাইন ডেক্স 























