মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত কুমিল্লা দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কায়সারকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির ফার্মে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাত দিনের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে আব্দুল হাই কায়সার উপজেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।
অনলাইন ডেক্স 























