যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের কূটনৈতিক পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব বজায় রাখার মাধ্যমে ওয়াশিংটনের বৈদেশিক নীতির অবস্থানে একটি স্পষ্ট পরিবর্তন ঘটেছে।
সোমবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সাবেক সহকারী সচিব ড্যানিয়েল রাসেলের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জয়শঙ্কর বলেন, অতীতে যা বলা হতো, ওয়াশিংটন আজ তা আনন্দের সঙ্গে চর্চা করছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখন চীন, রাশিয়া, ইউক্রেন এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারতীয় কূটনীতির পথ অনুসরণ করছে।
ড্যানিয়েল রাসেল ভারতের ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। এর জবাবে জয়শঙ্কর বলেন, মার্কিন প্রশাসনও বর্তমানে বহুবিদ কূটনীতি চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোগত বিবর্তন বিশ্বকে একটি বহুমুখী বিশ্বের দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে বাস্তববাদী কূটনীতির ওপর জোর দিয়ে জয়শঙ্কর বলেন, প্রতিটি দেশ তাদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সুবিধা আদায় করার চেষ্টা করছে।
অনলাইন ডেক্স 
























