সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি আজ বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় এ বিষয়ে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। তবে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের দৃশ্যের পরিবর্তে ফোয়ারা নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আহমেদ আযম খান বলেন, ‘বর্তমান সরকার স্বাধীনতা স্তম্ভের মূল চেতনাকে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ করছে।’ তিনি জানান, মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে এবং পত্রিকায় প্রকাশিত খবর সঠিক নয়।
মন্ত্রী আরও বলেন, বর্তমান নকশা অপরিবর্তিত আছে কি না, সে বিষয়ে সক্রিয় চিন্তা চলছে। তিনি ভবিষ্যতে এ বিষয়ে আরও তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনলাইন ডেক্স 






















