হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে উড়োজাহাজ অবতরণের পর প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে যাত্রীর হাতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যদি নির্ধারিত সময়ে লাগেজ সরবরাহে ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা দিতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব তথ্য জানান। তিনি বলেন, তৃতীয় টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে করা চুক্তিতে বিভিন্ন সেবার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ফার্স্ট লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং লাস্ট লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে। লাগেজ সরবরাহের পাশাপাশি উড়োজাহাজ থেকে যাত্রী নামানো ও ওঠানোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা চুক্তিতে রাখা হয়েছে।
বর্তমান টার্মিনালে লাগেজ পেতে যাত্রীদের কত সময় লাগছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, বর্তমানে অধিকাংশ যাত্রী ৪০ মিনিটের মধ্যেই লাগেজ পাচ্ছেন। তিনি জানান, গত এক মাসে ৪০ মিনিটের বেশি সময় লাগার ঘটনা তিনি দেখেননি।
মন্ত্রী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রুটে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে।
অনলাইন ডেক্স 






















