বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যম কখনোই সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। তিনি বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করে।
আজ জাতিসংঘের সাধারণ অধিবেশন কাভার করতে আসা বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
কাদের গনি চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে শত্রুতা করে কোনো সরকার উপকৃত হতে পারে না। তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার কথাও উল্লেখ করেন এবং অপতথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকবে কেবল সত্য ও জনগণের প্রতি, কোনো দলের বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু, এমন মন্তব্য করেন তিনি।
কাদের গনি চৌধুরী বিগত সরকারের সময় স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন এবং এটি যেন অব্যাহত থাকে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনলাইন ডেক্স 
























