ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। এই তথ্য রোববার (১৩ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার ২৬৭ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ভারতের সঙ্গে এই বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৭২ কোটি ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় ১৯৫ কোটি ডলার কম।
চীন এখনও বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে, ভারতের সঙ্গে বাণিজ্যিক বিধিনিষেধ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের কারণে এই পরিবর্তনটি ঘটেছে।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি পণ্য ক্রয় করছে, যার ফলে বাণিজ্য ব্যবধান তৈরি হয়েছে। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে। অপরদিকে, ভারত থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত নীতি ও আলোচনার অংশ হিসেবে ঢাকা ক্রয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, যা দুই দেশের বাণিজ্যে উল্লেখযোগ্য গতি এনেছে। তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ভারতের অবস্থানও পিছিয়ে পড়েছে।
অনলাইন ডেক্স 























