আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ-বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে তারা এই সাক্ষাৎ করেন।
সাক্ষাতে পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে শেভরন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎ সম্পর্কে তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন।
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয় এই সাক্ষাতে। বিশেষ করে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























