জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সফরের বিভিন্ন তথ্য ও সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’ সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি জানান, ‘সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এ-সংক্রান্ত জটিলতার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে করা হবে।’
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘ওই পদে দায়িত্ব পালন করার মতো প্রয়োজনীয় যোগ্যতা তার ছিল না।’
যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ সাইডলাইন মিটিং আয়োজনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বড় গুরুত্ব পাবে।’ তিনি আরও জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেক্স 






















