ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব। শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন হুথি গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াহিয়া সারী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সৌদি শত্রুরা ইয়েমেনে ৫৮টি বিমান অভিযান চালিয়েছে।’ হুথিপন্থি ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, উত্তর ইয়েমেনের সা’দা ও মোনাব্বিহ জেলা এবং আল-জাওফ প্রদেশে এসব অভিযান চালানো হয়েছে।
এর আগে ১২ সেপ্টেম্বর সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। ধারণা করা হচ্ছে, সৌদি বিমানবাহিনী ওই হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করেছে। গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিমান অভিযান চালিয়ে আসছে সৌদি আরব।
এদিকে ইয়েমেনের সেনাবাহিনীও উত্তর ইয়েমেন ও রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে অভিযান চালাচ্ছে। তবে ইয়েমেনে সাম্প্রতিক সৌদি বিমান অভিযান নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মুখপাত্র মন্তব্য করেননি।
সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংঘাত ২০১৪ সাল থেকে চলছে। ওই বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে পরের বছর, ২০১৫ সালে ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। বর্তমানে ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
অনলাইন ডেক্স 























