পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষের সময় দুই পক্ষের সদস্যরা লাঠি হাতে মহাসড়কে অবস্থান নেন। আহত ১৫ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে গুরুতর আহত চারজনকে রংপুরে রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুই পক্ষ ঘটনাস্থল থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের আগে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বাকবিতণ্ডা ও হট্টগোল হয়, যা সংঘর্ষের কারণ হতে পারে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























