আর্থিক অনিয়মের দায়ে সাবেক দুই ফেডারেশন সভাপতিকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জলিল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফিফা এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই এক মিলিয়ন সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে। ক্যাসেলকে পদের অপব্যবহার, পদ্ধতিগত স্বার্থের সংঘাত এবং ফিফা ও মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের তহবিলের অপব্যবহারের দায়ে নিষিদ্ধ করা হয়েছে।
ক্যাসেলের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। ২০১১ সালে ক্যারিবীয় ফুটবলের নির্বাচনী ঘুষ কেলেঙ্কারিতে ফিফার তৎকালীন নৈতিকতা কমিটিও তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। ওই ঘটনায় ক্যারিবীয় অঞ্চলের কয়েকজন ফুটবল কর্মকর্তাকে ৪০ হাজার ডলার নগদ অর্থ দেওয়ার অভিযোগ ছিল।
অন্যদিকে, জলিলের বিরুদ্ধে অভিযোগ ফিফার কোভিড-১৯ ত্রাণ তহবিল নিয়ে। ফিফা জানিয়েছে, ব্যক্তিগত সুবিধার জন্য কোভিড-১৯ রিলিফ প্ল্যানের অর্থ অপব্যবহারের দায়ে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জলিল ফিফার অর্থ নিজের অ্যাকাউন্টে জমা করে একটি অ্যাপার্টমেন্ট কেনার কাজে ব্যবহার করেছিলেন।
এছাড়া, জলিলের সঙ্গে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ ও প্রশাসন পরিচালক মোহাম্মদ আগিলকেও ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তাকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ক্যাসেলের সঙ্গে মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তানডিকা হিউজকেও ১৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অনলাইন ডেক্স 

























