লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে তীব্র উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর তথ্য অনুযায়ী, সৌদি আরব প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই এই অভিযান শুরু করতে পারে।
তবে সৌদি আরব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং যুক্তরাষ্ট্রও আপাতত হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে না। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সৌদি আরব সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত।
বর্তমানে ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে সহায়তা করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি বাড়লে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তিত হতে পারে।
সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরবে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ চাইছেন, তবে এটি তাৎক্ষণিকভাবে অপরিহার্য বলে উল্লেখ করেননি। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ।
অনলাইন ডেক্স 




















