কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদক সেবনের টাকার জন্য চার পরিবারের পাঁচ শিশু সন্তান বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের দাবি, মঙ্গলা বেগম নামে এক নারী ভিক্ষুকের মাধ্যমে এসব শিশু কেনাবেচার ঘটনা ঘটেছে। ৬ সেপ্টেম্বর কটিয়াদী মডেল থানায় অভিযোগ করেছেন বিক্রি হওয়া এক সন্তানের বাবা জাকির মিয়া। অভিযোগের পর অভিযুক্ত কয়েকটি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা যোগাড় করতে চারটি পরিবারের পাঁচটি শিশু সন্তানকে পৃথক সময়ে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। জাকির হোসেন ও ফারজানার নবজাতক ছেলে সন্তানকে ২ সেপ্টেম্বর ৬০ হাজার টাকায়, সাদ্দাম হোসেন তার দুই স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া দুটি সন্তান এক লাখ ৭০ হাজার টাকায় এবং আসাদ মিয়া তার সন্তানকে ২ লাখ টাকায় বিক্রি করেছেন।
গ্রামবাসীরা জানান, সন্তানদের প্রথমে যাদের কাছে বিক্রি করা হয়েছিল, তারা আবার বেশি টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে। এতে শিশুদের বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের ছোবল ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে সচেতনতা জরুরি এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























