মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার তিনি এই মন্তব্য করেন, যখন মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে।
ভারতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান বলেন, “আমাদের কোনো আঞ্চলিক পাহারাদারের দরকার নেই।” ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “এই অঞ্চলের অখণ্ডতা ও নিরাপত্তা কেবল ভূখণ্ডের মূল অংশীদার এবং এখানকার দেশগুলোই নিশ্চিত করতে পারে।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।
ইরান বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচলের জন্য জাহাজগুলোর পূর্বানুমতি বাধ্যতামূলক করেছে এবং সার্ভিস ফি নেওয়ার পরিকল্পনা করছে। ইরানের নির্দেশ অমান্যকারী জাহাজগুলোতে নিয়মিত হামলা চালানো হচ্ছে, অন্যদিকে মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ভেঙে দিতে বোমাবর্ষণ করছে।
মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছয় মাস পেরিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালির অবরোধের প্রভাব সরাসরি তেলের বাজারে পড়েছে, চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। পেজেশকিয়ান বলেন, “আমাদের ওপর নানামুখী অন্যায়-অবিচার সত্ত্বেও আমরা যুদ্ধ কিংবা এই সংঘাতের দীর্ঘসূত্রতা চাই না। শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের মূল অগ্রাধিকার।”
অনলাইন ডেক্স 




















