বিশ্ব ফুটবলের দুই প্রধান সংস্থা ফিফা ও উয়েফার মধ্যে আইনি সংঘাত নতুন করে জোরালো হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য সুইস ফৌজদারি মামলার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তথ্য সংগ্রহ করতে চায় উয়েফা। এই উদ্যোগের বিরুদ্ধে ফিফার দুই মার্কিন সহযোগী প্রতিষ্ঠান আদালতে হস্তক্ষেপের চেষ্টা করেছে, যা উয়েফা প্রত্যাখ্যান করেছে।
ম্যানহাটনের ফেডারেল আদালতে উয়েফা জানিয়েছে, ফিফা আমেরিকাস ইনক এবং এফডব্লিউসি ২০২৬ ইউএস ইনক আসলে ফিফা ও ইনফান্তিনোর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে ফিফা বা ইনফান্তিনো কেউই ওই মামলায় পক্ষ হওয়ার আবেদন করেননি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালন অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার কথা ছিল।
উয়েফা যুক্তরাষ্ট্রের আইনের একটি বিশেষ বিধান, ২৮ ইউএসসি সেকশন ১৭৮২-এর আওতায় তথ্য চেয়ে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং এর প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনারের কাছ থেকে নথি ও সাক্ষ্য পেতে চায়। উয়েফার দাবি, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে থাকতে পারে।
এ তথ্যের গুরুত্ব উয়েফার পরবর্তী আইনি পরিকল্পনায় নিহিত। ইউরোপীয় সংস্থাটি সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের কথা বিবেচনা করছে, যার ভিত্তি হতে পারে ফৌজদারি অব্যবস্থাপনা। তবে এখনো ইনফান্তিনো বা ফিফার বিরুদ্ধে কোনো ফৌজদারি চার্জ গঠন হয়নি এবং ইনফান্তিনো কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন।
অনলাইন ডেক্স 

























