বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় হোম অব বিএসপিএতে স্পোর্টস কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে। এই ক্রীড়া উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।
আজ রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএসপিএর সহসভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল উপস্থিত ছিলেন।
এবারের কার্নিভালে বিএসপিএর শতাধিক সদস্য আট ক্রীড়া ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। ডিসিপ্লিনগুলো হলো আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শর্টপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং।
বিএসপিএর সদস্যদের জন্য এই আয়োজনটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এবারের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
অনলাইন ডেক্স 
























