মাগুরার মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের পালটাপালটি কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্বাসে স্থগিত হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন সমর্থিত উভয় পক্ষই কর্মসূচি নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও লাঠিসোঁটা নিয়ে মাঠে নামলে উত্তেজনা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায়, মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জন্য বরাদ্দ সার-বীজ আত্মসাৎ, সরকারি ধান কেনায় সিন্ডিকেট, পছন্দের ব্যক্তিদের ফ্যামিলি কার্ড প্রদান, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে আসছেন দলের একাংশ।
রবিউল ইসলাম নয়ন সমর্থিতরা ২৩ আগস্ট বিকাল ৩টায় মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে, একই দিন নিতাই রায় চৌধুরী সমর্থিতরা সরকারের ১৮০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সমাবেশের আয়োজন করেন।
দুপক্ষের কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেলে শনিবার রাতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে উভয় পক্ষের কর্মসূচি স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও প্রশাসনের আশ্বাসের বিষয়টি বিক্ষুব্ধ নেতাকর্মীদের জানালে তারা কর্মসূচি স্থগিত করেন।
অনলাইন ডেক্স 
























