বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাইফের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তিনি বলেন, সাইফের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ তাদের কাছে আছে। ইলিয়াস আলীর গুমের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, সাইফের আইনজীবী তাবারক হোসেন জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, সাইফুর রহমান একজন চৌকস কর্মকর্তা এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি ট্রাইব্যুনালের মুখোমুখি হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছেন।
উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাইফুর রহমানকে সকাল ৯টার আগে বিমানবাহিনীর একটি মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী, যিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অনলাইন ডেক্স 
























