রাজশাহী নগরে ফেসবুকে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন রাতেই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, জেলায় পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করেন যানবাহন চালকরা। রাত ১২টার দিকে ২৪ ঘণ্টা খোলা থাকা পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।
তালাইমারী এলাকার নয়ান ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা হাসান হাবিব জানান, রাত আটটার পর গুজব ছড়িয়ে পড়লে ক্রেতাদের চাপ বেড়ে যায়। তিনি বলেন, ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ পাওয়া যাচ্ছে, তবে অতিরিক্ত চাহিদার কারণে একজন গ্রাহককে ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।
রাজশাহী পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনিসুর রহমান জানান, গত দুই দিন ধরে ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে এটিকে কোনোভাবেই জ্বালানি সংকট বলা যাবে না।
রাজশাহী পদ্মা অয়েল ডিপোর ইনচার্জ মো. ফজলে ইলাহী বলেন, যুদ্ধ পরিস্থিতি ও গুজবের কারণে মানুষ তেল কিনতে ছুটছেন, কিন্তু বাস্তবে জ্বালানির কোনো সংকট নেই। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 























