যাত্রী পরিবহন থেকে রাজস্ব বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের মোট আয় বেড়ে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে। তবে ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহন খাতে আয় কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান আয়-ব্যয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেন। রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির মোট আয় ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২২১ কোটি টাকার বেশি।
এ বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যাত্রী পরিবহন খাত, যেখানে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ২৫৬ কোটি টাকা। অন্যদিকে, পর্যাপ্ত লোকোমোটিভ না থাকায় মালামাল পরিবহন ব্যাহত হয়েছে, যার ফলে পণ্য পরিবহন থেকে আয় কমেছে।
রেলওয়ের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। এতে ব্যয় ও আয়ের অনুপাত বা অপারেটিং রেশিও হয়েছে ১ দশমিক ৯১, যা আগের অর্থবছরের ২ দশমিক ৯ থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে।
বাংলাদেশ রেলওয়ে দাবি করেছে, বছরে প্রায় এক হাজার কোটি টাকা পেনশন ব্যয়কে পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্ত করায় প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন দেখা যায়। সংস্থাটি মনে করে, যাত্রীভাড়া যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হলে আয়-ব্যয়ের ব্যবধান আরও কমানো সম্ভব হবে।
অনলাইন ডেক্স 






















