জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যোগ দিতে এসে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় চারজনকে আটক করা হয়েছে। তারা অন্যদের মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আটক চারজন হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির। মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়ে।
জনপ্রশাসন মন্ত্রণালয় অভিযোগ দায়ের করেছে শাহবাগ থানায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, আ. আলিমের মৌখিক পরীক্ষা ২৪ জুন, মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তোলা হয়েছিল। ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের ১৯ জুলাই যোগদানপত্র দিতে বলা হয়।
নির্ধারিত সময়ে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, অন্য ব্যক্তিরা তাদের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
অনলাইন ডেক্স 




















