ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, আজকের বাংলাদেশের সফলতার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। তিনি ৭ নভেম্বরের ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
শনিবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপাচার্য বলেন, ৭ নভেম্বর ছিল সিপাহী-জনতার বিপ্লব ও সংহতির দিন, যখন সিপাহী ও জনতা মেজর জিয়াউর রহমানকে মুক্ত করে জাতির প্রয়োজনে দায়িত্বে বসান।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি এবং একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে।
তিনি ৭ নভেম্বরকে জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে মনে রাখতে সকলকে আহ্বান জানান। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করার জন্যও তিনি আহ্বান জানান।
অনলাইন ডেক্স 
























