বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোস্তাক বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগকে লালন-পালনের অভিযোগ তোলেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকের অনুসারী এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে মোস্তাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।
২৯ অক্টোবর তদন্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে মোস্তাকের প্রাথমিক সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
অনলাইন ডেক্স 
























