নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১০ পরীক্ষার্থী, তবে তাদের মধ্যে একজনও পাস করতে পারেননি।
গত শনিবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের এই চিত্র সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৭ শিক্ষার্থী, এবং তারা সবাই অকৃতকার্য হয়েছেন।
নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উমুল আলিম মাদ্রাসা, পোরশার মেদা হযরত আশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা, নিয়ামতপুরের রাজাপুর বটতলী হাট কলেজ, রাণীনগরের বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এবং ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এ বিষয়ে পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বেশিরভাগই অনিয়মিত। তারা পড়াশোনার পাশাপাশি কারখানা কিংবা দোকানে কাজ করে। এ কারণে এখানকার ফলাফল এতো খারাপ।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা জানান, ‘এই রেজাল্ট শুধু নওগাঁতে নয়, পুরো বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও উৎসাহের জন্য কাজ করা হবে।’
অনলাইন ডেক্স 
























