ব্যালন ডি’অরের বিশেষ ভোটে ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৮ সালের মৌসুমে লিওনেল মেসির চেয়ে এগিয়ে রয়েছেন। বর্তমানে রোনালদোর ওই মৌসুমে প্রায় ৬২ শতাংশ ভোট রয়েছে।
এই ভোটাভুটি অক্টোবরের শুরুতে ব্যালন ডি’অরের অফিশিয়াল প্ল্যাটফর্মে শুরু হয় এবং ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে। ভোটাররা ফুটবল ইতিহাসের ১০ কিংবদন্তি খেলোয়াড়ের ব্যালন ডি’অরজয়ী মৌসুমের মধ্যে থেকে একটি বেছে নিতে পারছেন।
ভোটের তালিকায় মেসি ও রোনালদোর পাশাপাশি রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফান বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইন্ৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো।
ভোট দিতে এক ইউরো খরচ হচ্ছে এবং ভোটাররা চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নিতে পারছেন। একজন সমর্থক একাধিকবার ভোট দিতে পারবেন।
বর্তমানে মেসির ২০১২ সালের মৌসুমে ১৩ শতাংশ ভোট রয়েছে, যেখানে তিনি বার্সেলোনার হয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেছিলেন। মেসির ২০২৩ সালের মৌসুমটি পেয়েছে ৯ শতাংশ ভোট।
ভোটের ফলাফল অনুযায়ী, রোনালদোর ২০০৮ সালের মৌসুমটি সমর্থকদের পছন্দে এগিয়ে থাকলেও মেসির বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী বছরগুলোতেও ভোট পড়ছে। ২৭ অক্টোবর পর্যন্ত ভোট চলায় শেষ পর্যন্ত ব্যবধান কতটা বদলায়, সেটিই এখন দেখার বিষয়।
অনলাইন ডেক্স 
























