চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৩ জন নিহত এবং ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)’ এই তথ্য জানিয়েছে।
আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনটি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির অন্তর্কোন্দলে ৩৪২টি ঘটনায় ২৬৩২ জন আহত হয়েছেন এবং ৪০ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ২ হাজার ১৯০ জন আহত এবং ১১ জন নিহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ৫৪৫ জন আহত এবং ৯ জন নিহত হয়েছেন।
এছাড়া, রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৫০-এর অধিক রাজনৈতিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় ৪০২টি ঘটনা ঘটেছে, যাতে ২ হাজার ৬২৩ জন আহত এবং ১৩ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে সরকারের প্রতি মানবাধিকার রক্ষায় আরও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
অনলাইন ডেক্স 

























