রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের প্রধান গুদাম ও কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা প্রতিষ্ঠানটির আসবাব ভাঙচুর, ল্যাপটপ ও কয়েক লাখ টাকার মালামাল লুট করে এবং সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর যন্ত্র খুলে নিয়ে যায়।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হেলমেট ও মুখোশ পরা শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। তারা আশপাশের ভবনের নজরদারি ক্যামেরাগুলোর সংযোগ বন্ধ করে দেয় এবং নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে।
হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া দিতে হবে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে। তারা চাঁদা না দিলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয়।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
অনলাইন ডেক্স 
























