মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা তার পদত্যাগকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে।
ইশরাক হোসেনের পদত্যাগের পর সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই দিন সন্ধ্যায় তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন, যা প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় বিতর্কের মুখে পড়েন ইশরাক। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, আত্মরক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান।
অনলাইন ডেক্স 























