পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ককে হত্যার চক্রান্তের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (১১ অক্টোবর) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী টাস্ককে হুমকি দেওয়া ও তার ওপর হামলার পরিকল্পনাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় বা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী টাস্ক ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশের ওপর সম্ভাব্য হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল।
প্রধানমন্ত্রী টাস্ক পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে পোস্ট করেছেন।
পোল্যান্ডে রাজনৈতিক মেরুকরণ তীব্র হওয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। গত আগস্টে, পুলিশ ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছিল, যার বিরুদ্ধে দেশটির জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার আহ্বান জানানোর অভিযোগ ছিল।
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেতস্কা জানান, সম্ভাব্য হামলার বিষয়ে তথ্য জানিয়ে একটি ই-মেইল পাওয়ার পর তা পুলিশের কাছে পাঠানো হয়। রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ ই-মেইলটি পুলিশের কাছে প্রেরণ করেছিল।
অনলাইন ডেক্স 
























