জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিএনপি গুম-খুনের রাজনীতি পুনরায় চালু করতে চায়। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি বাতিল করা হয়েছে, যার মধ্যে একটি ছিল ‘গুম-খুন কমিশন’। তিনি বলেন, বিএনপি গণভোটের রায় মানে না এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
তিনি আরও জানান, নতুন আইন অনুযায়ী পুলিশ গুম ও খুনের অভিযোগের তদন্ত করবে, যা জনগণের জন্য উদ্বেগের বিষয়। অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীর পাঁচ বছরের সাজা হতে পারে, যা মানুষের অভিযোগ করার আগ্রহ কমিয়ে দেবে।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও অপসংস্কৃতি মুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আদর্শ মানুষ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে প্রায় চার হাজার নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























