জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর সংকটের মুখোমুখি এবং জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, সরকারকে সহযোগিতা করতে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি।
তিনি বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতি এতটা জটিল হতো না। বিরোধী দল সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু তাদের প্রস্তাব গ্রহণ না করায় জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি বলেন, সরকার শুরুতে এই সংকট অস্বীকার করেছে, অথচ বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেশের অর্থনীতি ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বগুড়া উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে স্বাধীনতার ৫৫ বছর পরেও জেলায় শিল্পায়নের কাঙ্ক্ষিত বিকাশ ঘটেনি। তিনি জানান, বগুড়া শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও সেই অনুপাতে জেলার উন্নয়ন হয়নি।
অনলাইন ডেক্স 
























