ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের শিবিরে চলছে উদযাপন, তবে ইংল্যান্ডের ড্রেসিংরুমে নেমে এসেছে হতাশা। সেমিফাইনালের আগে ফাইনালে খেলার স্বপ্ন দেখা থ্রি লায়ন্সদের বিদায় নিতে হয়েছে আক্ষেপ ও সমালোচনার মধ্য দিয়ে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি জানিয়েছে, ইংল্যান্ডের হারের পর দেশটির ফুটবল অঙ্গনে হতাশার রেশ কাটছে না। সাবেক ইংলিশ ফুটবলার ও ‘টকস্পোর্ট’-এর রেডিও উপস্থাপক জেসন ক্যান্ডির মতে, ম্যাচের ফলাফল নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি বলেন, ‘ফলাফল নিয়ে কোনো দ্বিমত নেই। পুরো ৯০ মিনিট তারা (আর্জেন্টিনা) আমাদের চেয়ে ভালো খেলেছে।’
ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। ম্যাচে লিড নেওয়ার পর গোল ধরে রাখতে তিনি রক্ষণাত্মক কৌশলে চলে যান। সাবেক ইংলিশ ফুটবলার জেমি ও’হারা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, ‘সেই একই পুরোনো আবর্জনা মার্কা খেলা। আমরা এজন্যই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল ম্যাচের আগে ইংল্যান্ডের বড় জয়ের প্রত্যাশা করেছিলেন। তবে হারের পর তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি এভাবে হেরে যাওয়া মেনে নিতে পারছি না। গোল দেওয়ার পর থেকেই আমরা রক্ষণাত্মক হয়ে পড়তে শুরু করি।’
আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন অনেকে। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডে মাত্র সাত মিনিটের ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। ইংল্যান্ডের সাবেক তারকা জো কোল ম্যাচ শেষে স্বীকার করেন, আর্জেন্টিনার খেলোয়াড়দের জাতীয় দলের জন্য খেলার আবেগ অসাধারণ।
অনলাইন ডেক্স 




















