ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সোবার্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার ব্যাটিং গড় ছিল ৫৭.৭৮, যেখানে তিনি সংগ্রহ করেছেন ৮ হাজার ৩২ রান এবং ২৩৫টি উইকেট নিয়েছেন। তিনি বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিন বোলিংয়ে সমান দক্ষ ছিলেন।
সোবার্স ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের বিশ্বরেকর্ড গড়েছিলেন, যা ৩৬ বছর টিকে ছিল। এছাড়া, প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারার কীর্তি প্রথম গড়েছিলেন তিনিই।
ফুটবল, বাস্কেটবল ও গলফেও প্রতিনিধিত্ব করেছেন সোবার্স। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারকে সম্মান জানাতে যে ট্রফি দেওয়া হয়, সেটির নামকরণ করা হয়েছে তার নামে—‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’।”
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বলা হয়েছে, “একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।” ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়।
অনলাইন ডেক্স 





















