নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে লিজ নেওয়া একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার গাড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণ মাছ চাষি রনি মন্ডল জানান, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশে এক একর আয়তনের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। ঘটনার দিন রাতে পুকুর দেখে ঘুমাতে যান, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি জানান, পুকুরের পানিতে বিষাক্ত কীটনাশকের তিনটি খালি বোতল পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন বলেন, পুকুরে বিষাক্ত কীটনাশকের বোতল পাওয়া যাওয়ায় এটি স্পষ্ট যে, প্রতিপক্ষের দেওয়া বিষের কারণেই মাছগুলো মারা গেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের শাস্তি দাবি করেন।
রনি মন্ডল অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার লোকজন পুকুর নিয়ে তার সঙ্গে বিরোধ করে আসছিল। তিনি জানান, কিছুদিন আগে তারা তাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়।
এ ঘটনায় সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রনি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন ডেক্স 
























